ক্লাবকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো
স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের আগের ম্যাচে মৌসুমের প্রথম হারের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। ঘরের মাঠ আল আউয়াল পার্কে আবহাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আল হিলাল ও আল কাদসিয়াহর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ছয় রাউন্ড শেষে তিন দলেরই পয়েন্ট এখন সমান ১৫।
বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক আল নাসর। যদিও এদিন দলের অন্যতম ভরসা জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমান যথাক্রমে সাসপেনশন ও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবুও রোনালদোর ক্যারিশমায় ঠিকই জয় তুলে নেয় অ্যাঞ্জে পোস্টেকোগলুর দল। খেলার ২২ মিনিটে কাক্সিক্ষত সেই গোলের দেখা পান পর্তুগিজ যুবরাজ। আন্দ্রেই গ্যালারির একটি কর্নার কিক থেকে ডি-বক্সে লাফিয়ে উঠে দারুণ এক হেডার নেন রোনালদো। বল পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আল নাসর। এই গোলের সুবাদে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৯টি, যা তাকে ১০০০ গোলের ঐতিহাসিক মাইফলকের আরও কাছাকাছি নিয়ে গেল। আর মাত্র ২১ গোল করলেই ইতিহাস গড়বেন পর্তুগিজ সুপারস্টার।
প্রথমার্ধে ১-০ লিড নিয়ে যাওয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ডান পায়ের জোরালো শটে বল সরাসরি প্রতিপক্ষের জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন আব্দুল্লাহ আল-হামদান। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াইয়ে টিকে থাকার চেষ্টা চালায় আবহা। ম্যাচের ৭৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। বাম দিক থেকে করা তার ফ্রি-কিকটি সরাসরি গোলরক্ষক বেন্তোকে বোকা বানিয়ে জালে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এই জয়ের সুবাদে সৌদি প্রো লিগের গোল্ডেন বুট লড়াইয়েও নিজের অবস্থান আরও পোক্ত করলেন রোনালদো। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আট গোল নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন আল আহলির ইভান টোনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183182