রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১
রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে ফেল থেকে পাস করেছে ১১১ জন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষাবোর্ডের ওয়েব ফলাফল পাওয়া যাবে। গ্রেড পরিবর্তন হয়েছে ৬৩৯ জনের। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। এবছর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছিল।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সাত বছরে এবার সর্বনিম্ন এসএসসির ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।
এর আগে ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও খাতা চ্যালেঞ্জের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। এছাড়া ব্যবহারিকে খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ২৩ হাজার ৫১৮টি। মোট ১ লাখ ২২ হাজার ২২৮ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183167