বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। গত বুধবার তিনি সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

তার বিরুদ্ধে মূলত চীন ভ্রমণে আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির গুরুতর অভিযোগ রয়েছে, যা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। 

তবে সায়মা ওয়াজেদ তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরবর্তী সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে পাঁচ বছর মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। একই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলে ২০২৫ সালের জুলাইয়ে তাকে প্রথম অবৈতনিক ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পর থেকে পদত্যাগের আগপর্যন্ত তিনি অবৈতনিক ছুটিতেই ছিলেন।  

তথ্য অনুযায়ী, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক প্রতারণা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য প্রদান এবং বাংলাদেশে অবৈধভাবে একটি জমির প্লট অধিগ্রহণের অভিযোগ এনেছে। গত ৩ জুলাই তার আইনজীবীদের পাঠানো এক চিঠিতে সায়মা ওয়াজেদ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, জমির প্লটটি তিনি ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় অধিগ্রহণ করেছিলেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183159