পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাতি নিহত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাতি সায়ান (০২) নামে শিশু নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে। নিহত সায়ান দামুপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) নিজ বাড়ি থেকে অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকালে সায়ানের দাদু মোবারক ঘর থেকে অটোভ্যান বের করছিলেন। এসময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক বিষয়টি খেয়াল না করায় অটোভ্যানটি পেছনের দিকে নেওয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183133