বগুড়ার মোকামতলায় অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গছে ফসলের জমি

বগুড়ার মোকামতলায় অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গছে ফসলের জমি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। একইস্থানে বালু উত্তোলনের কাজ চলছে গত তিন মাস ধরে। যার ফলে নদীর তীরে ফসলি জমি ভেঙ্গে গভীরতা সৃষ্টি হচ্ছে। এছাড়া  বালু বহনের ট্রাকের চাকায় গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা বাধা দিয়েও বালু উত্তোলনের কাজ বন্ধ হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, উপজেলার উপর দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। এবং উপজেলায় নবগঠিত রহবল ইউনিয়নের তালিবপুর গ্রামের পাশে ওই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পাশে শ্যামপুর গ্রামের একজন বালু ব্যবসায়ী নিজে ও শ্রমিক দিয়ে বালু উত্তোলনের কাজ করছেন।

গ্রামবাসীর অভিযোগ,গত তিন মাস ধরে বালু উত্তোলনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার করা হচ্ছে। ওই প্রচারে বালু উত্তোলনের ফলে নদী ও ফসলি জমির ক্ষতির বিষয়গুলি তুলে ধরা হয়েছে। গ্রামবাসীর আরো অভিযোগ,একটি রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় বালু উত্তোলনে কাজ চলছে।

মেশিন দিয়ে বালু তোলা বন্ধের ব্যবস্থার জন্য মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন  ভুক্তভোগী তিন ব্যক্তি। বালু ব্যবসায়ী হাফিজার জানান সব দিকে ম্যানেজ করেই তিনি বালু তুলছেন। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে দুইবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান শ্যালো মেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে বিষয়টি তিনি শুনেছেন। দ্রুত বালু তোলা বন্ধ করবেন এবং যে ব্যক্তি বালু তুলছেন তার বিরুদ্ধে ব্যবস্থাও নিবেন বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183121