সিরাজগঞ্জে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, মূল্য তালিকা হালনাগাদ না করা ও কেনা-বেচার পাকা রশিদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার দিনব্যাপি পৌর এলাকার বাহিরগোলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার শাকির ইমাম তালুকদার ও মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার শরিফুল ইসলাম।

মো. সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এসময় ওই দু’টি প্রতিষ্ঠানে মূল্য তালিকায় ধার্য মূল্য থেকে বেশি দামে ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183118