ক্ষতবিক্ষত বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

ক্ষতবিক্ষত বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম-রায়কালী সড়কটি এখন ক্ষতবিক্ষত। সামান্য বৃষ্টি হলেই খন্দকগুলো পানিতে ভড়ে থাকছে। এতে যানবাহন চলাচলে বিঘ্নসহ  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া সড়কের বেড়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে জয়পুরহাট জেলার আক্কেলপুরের রায়কালী এলাকা। বেড়াগ্রাম-রায়কালী এই সড়ক দিয়েই প্রতিদিন বিভিন্ন যাত্রীবাহী যানবাহনসহ মালামাল বোঝাই ট্রাক ও সাধারণ মানুষ চলাচল করে থাকে।

সরজমিনে দেখা গেছে, বেড়াগ্রাম বাসষ্ট্যান্ড থেকে পশ্চিম দিকে রায়কালী অভিমুখে প্রায় ৫ কিলোমিটার সড়কটির বেহাল দশা। সড়কটির বিভিন্ন স্থানের কার্পেটিং এর পাথরসহ পিচ উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টিতে সড়কের গর্তগুলো পানিতে ভরে যায়।

ফলে যাত্রীবাহী বাস, মালামাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। বিকল্প কোন সড়ক না থাকায় নিয়মিত কাজে স্থানীয় লোকজন সড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় শিক্ষক এনামুল হকসহ অনেকেই জানান, সড়কটি জরুরী সংস্কার করা প্রয়োজন।

সংস্কারের জন্য এলাকাবাসী বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে। ফলে দীর্ঘদিন যাবৎ সড়কটি বিধ্বস্ত অবস্থায় পরে আছে। এতে জনগনের দুর্ভোগ বাড়ছে। উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, বেড়াগ্রাম-রায়কালী সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। বৃহত্তর পাবনা-বগুড়া প্রকল্পের মাধ্যমে সড়কটির দেড় কিলোমিটার ভেঙ্গে পুননির্মানের জন্য দেড় কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।

ঠিকাদার নির্বাচিত হলেই দ্রুত সড়কটি নির্মানের কাজ বাস্তবায়ন করা হবে। অবশিষ্ট সাড়ে তিন কিলোমিটার সড়ক আরসিআইপি প্রকল্পর মাধ্যমে সাড়ে তিন কোটি টাকার স্কিম তৈরি করে তা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচনের মাধ্যমে সড়কটি নির্মাণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183116