ফেনীর সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে বেধড়ক পিটুনি
ফেনীর সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহ আলম সুমন (৪২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম সুমন হাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, কয়েক দিন আগে ফেসবুকে স্থানীয় অপরাধীদের বিরুদ্ধে একটি পোস্ট দেন সুমন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ যুবদল নেতা সোহাগ, সিএনজি সোহাগ, রাকিব ও তাহসিনসহ ১০-১২ জন মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা সুমনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া সুলতানা লোপা বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183109