বার্সার ১১ বছরের অপেক্ষা ঘোচাতে চান ইয়ামাল
চ্যাম্পিয়নস লিগটা এখনো জেতা হয়নি। বার্সার টিনেজ সুপার স্টার লামিনে ইয়ামালের কাছে সেই অপূর্ণতাই সবচেয়ে বড় প্রেরণা। নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে ইউরোপসেরার ট্রফি জিততে চান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার সেই অভিযানে নামছেন দলের অন্যতম অধিনায়ক হিসেবেও।
বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যাম্প ন্যুতে ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও নতুন দায়িত্ব নিয়ে কথা বলেছেন ইয়ামাল।
ইউরোপসেরার লড়াই নিয়ে ইয়ামাল বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে বড় প্রেরণা আর নেই। এই শিরোপাটিই এখনো জেতা হয়নি।’
এবার সেটি জিততে দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও রদ্রির মতো ফুটবলারদের আগমনও তার আশাবাদ বাড়িয়েছে।
গত সপ্তাহে বার্সেলোনার পঞ্চম অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ইয়ামালকে। এত অল্প বয়সে সতীর্থদের এই আস্থা পেয়ে গর্বিত তিনি। তার উপলব্ধি, নেতৃত্বের দায়িত্ব তাকে আরও দায়িত্বশীল হতে শেখাবে। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকারও করেছেন এই তরুণ।
অধিনায়ক দলের বাকি চার সদস্য রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে অনুসরণ করেন ইয়ামাল। তাদের কাছ থেকে শেখার সুযোগ কাজে লাগাতে চান। ব্যক্তিগত লক্ষ্য নিয়েও তার ভাবনা পরিষ্কার। দলকে আরও শিরোপা জেতানোর পাশাপাশি নিজের খেলায় উন্নতি ধরে রাখতে চান। বয়স কম হওয়ায় শেখার ও নিজেকে সমৃদ্ধ করার অনেক সুযোগ দেখছেন তিনি।
ইউরোপে সাফল্য পেতে খেলার ধরনে পরিবর্তন প্রয়োজন কি না, সেই প্রশ্নের মুখে পড়েছেন কোচ হানসি ফ্লিকও। তার বক্তব্য, প্রয়োজন হলে প্রতিপক্ষ অনুযায়ী কৌশল বদলায় বার্সেলোনা। তবে নিজেদের খেলার ধরন গত দুই মৌসুমে সাফল্য এনে দিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে সব ফুটবলারকে সুস্থ ও সেরা ছন্দে পাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ২০১৫ সালে। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলটি এবার ১১ বছরের অপেক্ষা ঘোচাতে চায়। ইয়ামালের ব্যক্তিগত অপূর্ণতা পূরণ হলে শেষ হবে ক্লাবের সেই অপেক্ষাও।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183010