বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার
শহর প্রতিনিধি: আগামীকাল বুধবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশন ফুটবল দল। শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বগুড়ার দুই ফাইনালিস্ট দলের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের লড়াই।
অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয় গত মাসের ২২ তারিখে। বগুড়ার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নেয় এই খেলায়। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে।
একটি গ্রুপে -সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, শেরপুর, সোনাতলা, নন্দীগ্রাম, ধুনট ও বগুড়া সিটি কর্পোরেশন এবং অপর গ্রুপে- আদমদীঘি, কাহালু, মোকামতলা, শিবগঞ্জ, গাবতলী, শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করে।
এবারের টুর্নামেন্টে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল নগদ দেড় লাখ টাকা প্রাইজমানি পাবে।
এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচকে ট্রফি এবং নগদ ১২ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182991