নরসিংদীর তালিকাভুক্ত সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ ঢাকায় গ্রেপ্তার

নরসিংদীর তালিকাভুক্ত সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ ঢাকায় গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হান্নানকে (৪২) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবারের একই অভিযানে হান্নানের সহযোগী রায়পুরার মির্জারচর এলাকার আরেক সন্ত্রাসী নুরুল ইসলামকেও (৩৮) গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থানের খবর পায় তারা। পরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও নুরুলকে গ্রেপ্তার করে।

পরে তাদেরকে নরসিংদীতে আনা হয়।

ওসি মজিবুর রহমান বলেন, ‘হান্নান রায়পুরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার আরেক সন্ত্রাসী নুরুল হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।’

পুলিশের তথ্য অনুযায়ী, গত জুনে রায়পুরার নিলক্ষ্যা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ হান্নানের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা রয়েছে। এছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে। 

এসপি আব্দুল্লাহ আল ফারুক বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হান্নান তার এলাকায় “অস্ত্র হান্নান” নামে পরিচিত। সুনির্দিষ্ট তথ্য থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182983