বৃষ্টিতে শেরপুর-নন্দীগ্রাম সড়কে চরম ভোগান্তি, খুঁড়েই লাপাত্তা ঠিকাদার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কটির সংস্কার কাজ করায় জন্য ঠিকাদার কর্তৃক খুঁড়ে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা। গত দুই দিনের বৃষ্টিতে ওই সড়ক কাদাপানিতে একাকার হয়ে যান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান মাইকিং করে জনগুরুত্বপূর্ন এই রাস্তাটি বন্ধ করার ঘোষণা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই আঞ্চলিক সড়কটির দুবলাগাড়ী এলাকায় সংস্কারকাজ করছে ‘হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ ধীরগতিতে করার পাশাপাশি নির্মাণ উপকরণের মান নিয়েও অভিযোগ উঠেছে । সড়কটির সম্পূর্ণ অংশ ইতিমধ্যে কেটে রাখা হলেও বিকল্প চলাচলের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার মধ্যে যোগাযোগের প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কটি ব্যবহার করে নন্দিগ্রাম হয়ে খুব অল্প সময়ে রাজশাহীতে যাওয়া যায়। এছাড়া জনবহুল এই সড়কের দুই পাশে রয়েছে চাল কল ও পশু খাদ্যের (ফিড) মিলসহ প্রায় ৩০টি ছোট-বড় শিল্প কারখানা।
প্রতিদিন এসব কারখানা থেকে চাল, ধান ও ফিড বোঝাই ৪০ থেকে ৬০টি ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। সড়ক বন্ধ ও খানাখন্দ তৈরি হওয়ায় পণ্যবাহী এসব যানবাহন চলাচল করতে পারছে না। এতে স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। অটো রাইস মিল ব্যবসায়ী বেলাল আহম্মেদ, সুলতান, আশাদুল ও আল-আমিন অভিযোগ করে বলেন, আমাদের মিলগুলো থেকে প্রতিদিন ধান ও চালের ট্রাক লোড-আনলোড করতে হয়।
রাস্তা এভাবে মাসের পর মাস খুঁড়ে রাখার কারণে ব্যবসা এক প্রকার বন্ধের মুখে। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে, যার প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল বলেন, মাইকিং করে রাস্তা বন্ধ করে দ্রুত কাজ করার কথা ছিলো কিন্ত রাস্তা খোঁড়ার পর বৃষ্টি হয়ে মানুষের যাতায়াতে একটু সমস্যা হয়েছে। তবে রাস্তা এখনও বন্ধ করা হয়নি। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।
এ ব্যাপারে শেরপুর সড়ক উপ-বিভাগের উপ-সহকারি প্রকৌশলী জাহিদুর রহমান বলেন. রাস্তাটির বেড রেডি করায় বৃষ্টি হয়ে কাদাপানি জড়ো হয়েছে। দ্রুত কাঁদা সরিয়ে নিয়ে রাস্তার কাজ শুরু হবে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিচ্ছি কিন্ত আবহাওয়া খারাপ হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে, বিকল্প রাস্তা তৈরী না হলে এক সাইড দিয়ে রাস্তার কাজ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182982