এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’!
দীর্ঘ এক দশকের বিরতি পেরিয়ে পুরোনো অভিনয়শিল্পীদের নিয়ে নতুন সিনেমা নিয়ে ফিরছে জনপ্রিয় ব্রিটিশ কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ইনবিটুইনার্স’।
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পর্দায় ফিরছে জনপ্রিয় ব্রিটিশ কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘দ্য ইনবিটুইনার্স’। জনপ্রিয় চার চরিত্র উইল, জয়, নীল ও সাইমনকে নিয়ে সিরিজটির তৃতীয় কিস্তি বা সিক্যুয়াল নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যে নতুন এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। দর্শকদের পুরোনো দিনের স্মৃতির স্বাদ ফিরিয়ে দিতে মূল অভিনয়শিল্পী সাইমন বার্ড, জেমস বাকলি, ব্লেক হ্যারিসন ও জো থমাস পুরোনো চরিত্রগুলোতেই পর্দায় ফিরছেন। সম্প্রতি নেটফ্লিক্স একটি বিশেষ টিজারও প্রকাশ করেছে, যেখানে চার বন্ধুকে আবারও সেই আইকনিক হলুদ রঙের ফিওট (Fiat) গাড়িতে চড়তে দেখা গেছে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজটি তরুণ প্রজন্মের বন্ধুত্ব, জীবনের টানাপোড়েন ও হাস্যরসের কারণে দুনিয়াজুড়ে সমাদৃত হয়। পরবর্তীতে ২০১১ ও ২০১৪ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়াল দুটিও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। আগের কিস্তিগুলোর মতো নতুন সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মূল স্রষ্টা ড্যামন বিসলি এবং ইয়েন মরিস।