সিএমএসএমই খাতে চলতি মূলধন পুন:অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুন:অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক মো. জবদুল ইসলাম ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো: রমজান আলী ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির মাধ্যমে দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে অর্থায়নের সুযোগ বাড়বে। এই পুন:অর্থায়ন তহবিলের অর্থ গ্রাহকরা ৯ শতাংশ সুদে পাবেন। তহবিলটি তিন বছর মেয়াদী এবং আবর্তনশীল হিসেবে পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ তহবিলের মূল উদ্দেশ্য হলো দেশের যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়া। এর মাধ্যমে উদ্যোক্তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এছাড়া, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।