রংপুরে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ নিখোঁজের তিনদিন পর গোলাম রব্বানী (৩৭) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের পাইকারপাড়ার হাসান আলীর ছেলে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি এলাকার ফেসকিপাড়ার একটি আমবাগান থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম রব্বানী ২০২৩ সাল থেকে রংপুর নগরীর ধাপ এলাকার হাজীপাড়ায় অবস্থিত একটি বেসরকারি ক্যাডেট মাদ্রাসায় চাকরিরত ছিলেন। তিনি সাপ্তাহিক ছুটির দিনে বাড়িতে আসতেন। এরই ধারাবাহিকতায় তিনি গত শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও বাড়িতে পৌঁছায়নি। তিনদিন পর তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায় একটি আমবাগানে। 

তার পরনে ছিল একটি কালো রঙের প্যান্ট এবং আকাশি নীল রঙের ফতুয়া। তার চেহারা বিকৃত হওয়ায় প্রথমে তাকে কেউই শনাক্ত করতে পারেনি। পরে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে। এরপর রাতে বদরগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করে।

গতকাল সোমবার দুপুর ২টায় বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি হাসান জাহিদ সরকার বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182843