বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ও জরিমানা
কোর্ট রিপোর্টার : বগুড়ায় নির্যাতনসহ শ্বাসরোধ করে মর্জিনা বেগম (২৮) হত্যার দায়ে অভিযুক্ত স্বামী ওমর ফারুক ওরফে ওমলকে (৪১) যাবজ্জীবন সশ্রম করাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বগুড়ার বিশেষ দায়রা জজ মো. আয়েজ উদ্দিন গতকাল সোমবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লানুকার মনতাজ সাকিদারের মেয়ে মর্জিনা খাতুনের সাথে ঘটনার ১০ বছর আগে একই উপজেলার ধাপসুকানগাড়ির জামাল প্রামানিকের ছেলে অভিযুক্ত ওমর ফরুক ওরফে ওমলের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি সন্তান হয়। আসামি ওমর ফারুক তার স্ত্রীকে নিয়ে সঞ্জয়পুর বাড়িতে করে বসবাস করতেন।
বিগত ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে শয়ন ঘরের ওমর ফারুক তার স্ত্রী মর্জিনা বেগমের ওপর নির্যাতনসহ শ্বাসরোধে হত্যা করে। পরের দিন তার বাবাসহ বাড়ির লোকজন সংবাদ পেয়ে শয়ন ঘরের খাটের ওপর মর্জিনার লাশ দেখতে পান। এ ব্যাপারে নিহত মর্জিনার বাবা মনতাজ সাকিদার বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় ওই আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে। ওমর ফারুক স্ত্রী মর্জিনা হত্যার ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি প্রদান করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশিদ এবং আসামি পক্ষে এড. এহসানুল হক বাবু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182825