চাঁপাইনবাবঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে এ ঘটনার পর শিক্ষার্থীদের জেলা হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে এ ঘটনার পর বিদ্যালয়ে ২টি মেয়াদোত্তীর্ণ ও সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের (গাক নামের একটি এনজিও) গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদ উল্লেখবিহীন খাবার প্যাকেট খুঁজে পান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া গাকের গোডাউনের ভেতের দিয়ে যাওয়া পয়:নিষ্কাশনের একটি পাইপ মুখ খোলা অবস্থায় পাওয়া যায়। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
জেলা শহরের ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, দুপুরে ডিম ও পাউরুটির প্যাকেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার পর দুপুর পৌনে ২ টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে থাকে। শিক্ষার্থীদের ২ জন ছেলে ও ৯ জন মেয়ে। ২ জন পঞ্চম, ৬ জন চতুর্থ ও ৩ জন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে ঘটনার খবর পেয়ে সফররত বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর নির্দেশে দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ে ছুটে যান সিভিল সার্জনসহ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। বিকেল সাড়ে ৫টার দিকে তারা গাকের গোডাউন পরিদর্শনে যান।
জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, তদন্ত না করে কেন শিশুরা অসুস্থ হয়েছে তা সঠিকভাবে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিভাগীয় কমিশনারের নির্দেশনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুদের দিকে খেয়াল রাখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182817