আখাউড়ায় তিতাস নদীতে দেড় কোটি টাকার মালামালবোঝাই নৌকা ডুবি

আখাউড়ায় তিতাস নদীতে দেড় কোটি টাকার মালামালবোঝাই নৌকা ডুবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদে মালামালভর্তি একটি নৌকা ডুবে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নৌকায় থাকা ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার মালামাল পানিতে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে উপজেলার বড়বাজার ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য একটি বড় নৌকায় তোলা হয়। পরে মধ্যরাতে নৌকাটি আখাউড়ার বড়বাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে নৌকাটি বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় তিতাস নদে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ধরার একটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে পণ্যবাহী নৌকাটি কাত হয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা অধিকাংশ মালামাল পানিতে তলিয়ে যায়।

নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা মালামাল উদ্ধারে কাজ শুরু করেন।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে।

মেসার্স হিরালাল সাহার স্বত্বাধিকারী বলেন, নৌকায় বড়বাজার, সড়কবাজার ও লালবাজারের অন্তত ৫০ থেকে ৬০ জন ব্যবসায়ীর মালামাল ছিল। কারও এক লাখ, কারও দেড় লাখ আবার কারও দুই লাখ টাকার পণ্য ছিল। তার নিজেরও মুদি মাল, চালসহ সাত থেকে আট ধরনের পণ্য ছিল। নৌকার মাঝি কিছু মালামাল উদ্ধার করেছেন। তবে কিছু মালামাল স্থানীয় লোকজন নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘নৌকা ও মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে পণ্যবাহী নৌকাটি ডুবে যায়। উদ্ধারকাজ চলছে। ব্যবসায়ী ও তাদের শ্রমিকেরা মালামাল উদ্ধারে কাজ করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182811