গোলের রেকর্ড গড়ে মেসির পাশে রাফিনিয়া

গোলের রেকর্ড গড়ে মেসির পাশে রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। জোড়া গোল করে আলো কেড়েছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। অন্যদিকে লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। একই সঙ্গে লা লিগায় তিনি পেয়েছেন ৫০তম গোলের দেখা।

রবিবার রাতে মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের কোণঠাসা করে রাখে কাতালানরা। ষষ্ঠ মিনিটে ফিরমিন লোপেসের বাড়ানো বল থেকে দারুণ এক ফ্লিকে বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। ২২তম মিনিটে লোপেস নিজেই দলের ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই আসে রাফিনিয়ার সেই রেকর্ড গড়া মুহূর্ত। ইয়ামালের পাস পেয়ে গোলমুখে বল বাড়ান লোপেস। আলতো টোকায় ফাঁকা জালে বল পাঠিয়ে দেন বার্সেলোনা অধিনায়ক। এই গোলের সুবাদে চলতি লা লিগা মৌসুমে নিজের প্রথম চার ম্যাচে তার ৬ গোল হয়ে গেল। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার জার্সিতে লিগের প্রথম চার ম্যাচে ৬ গোল করার এই অভাবনীয় কীর্তি এতদিন শুধু এককভাবে নিজের দখলে রেখেছিলেন খোদ লিওনেল মেসি।

এর আগে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ মৌসুমে দুই দফায় প্রথম চার ম্যাচে ৬ গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে মেসির পাশে নাম লেখালেন রাফিনিয়া। চলতি মৌসুমে এলচের বিপক্ষে জোড়া গোল, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এক গোল এবং রায়ো ভাইয়েকানোর বিপক্ষে জোড়া গোলের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই জাদুকরি পারফরম্যান্সে লা লিগার গোলদাতাদের তালিকার একদম শীর্ষে অবস্থান করছেন তিনি। রাফিনিয়ার রেকর্ডের পর ম্যাচে আরও দুই গোল পায় বার্সা। ৭৯তম মিনিটে পেদ্রি এবং ৮৪তম মিনিটে ইয়ামাল নিজের দ্বিতীয় গোল করলে ৫-০ ব্যবধানের এক বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182793