জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খাদ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক ব্যবহারিক শিক্ষা কার্যক্রম
ইন্ডাস্ট্রি একাডেমি লিংকেজ প্রোগ্রামের অধীনে শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেড-এ খাদ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের ২য় ব্যাচের সকল শিক্ষার্থীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেড-এ "খাদ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক ব্যবহারিক শিক্ষা কার্যক্রম" অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বৃহৎ পরিসরে খাদ্যসেবা পরিচালনার বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
ব্যবহারিক সেশনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন থেকে শুরু করে খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, খাদ্যতালিকা প্রণয়ন, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ এবং পরিবেশন ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীরা হোটেলের রান্নাঘর, খাদ্য পরিবেশন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ, হিমায়িত সংরক্ষণাগার, বেকারি বিভাগসহ বিভিন্ন খাদ্যসেবা এলাকা ঘুরে দেখেন। অতিথির সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী বুফেতে পরিবেশনের জন্য খাবারের পরিমাণ কীভাবে নির্ধারণ ও পরিমাপ করা হয়, সে বিষয়েও তারা হাতে-কলমে ধারণা পান।
শুধু খাবার প্রস্তুত বা পরিবেশন নয়, একটি বৃহৎ খাদ্যসেবা প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ কীভাবে পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়, সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি রেস্তোরাঁ সেবার বিভিন্ন ধাপ, অতিথিদের খাবার পরিবেশনের নিয়মাবলি এবং অতিথিদের চাহিদা অনুযায়ী সেবা পরিচালনার বিষয়গুলোও তারা পর্যবেক্ষণ করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের সম্মানিত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী, ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল এণ্ড আর্থ সায়েন্সেস এর সম্মানিত চেয়ারম্যান ড. নাজমুন নাহার, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর সম্মানিত চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, ফুড সার্ভিস ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষক ড. কাজী আয়শা সিদ্দিকা সহ অন্যান্য ফ্যাকাল্টি সদস্যবৃন্দ।
এ সময় হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সম্মানিত ম্যানেজার আই.টি এণ্ড এমআইএস জনাব এ.কে.এম আব্দুল্লাহ শিক্ষার্থীদের হোটেলের বিভিন্ন বিভাগ, কার্যক্রম এবং খাদ্যসেবা ব্যবস্থাপনার বাস্তব দিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। এছাড়াও হোটেলটির হেড শেফ ক্রিস্টোফার শিক্ষার্থীদের খাদ্যের পুষ্টি ও গুণগত মান ঠিক রেখে খাদ্য প্রস্তুত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
শিক্ষার্থীরা বলেন, এ ধরনের ব্যবহারিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে। খাদ্য প্রস্তুত থেকে সংরক্ষণ, পরিবেশন, স্বাস্থ্যবিধি, খাদ্য নিরাপত্তা, খাদ্যতালিকা প্রণয়ন ও খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ—প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণের ফলে তাদের বাস্তব জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে।
তাদের মতে, খাদ্য ও পুষ্টিবিষয়ক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182772