যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, ‘টুয়েন্টিওয়ান এয়ার’-এর ফ্লাইট ৭৯৫৮ (যা প্রাইম এয়ার হিসেবে পরিচালিত হচ্ছিল) রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়। পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে ছেড়ে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি অবতরণের সময় রানওয়ে পার হয়ে একাধিক যানবাহনকে ধাক্কা দেয় এবং এতে আগুন ধরে যায়।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ জানান, এই ঘটনায় মোট ১০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে আহতদের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টারে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬০টিরও বেশি ইউনিট অংশ নেয়।
দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) মায়ামি বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করে। এছাড়া বিমানবন্দরের সমস্ত রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। অ্যামাজন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সাথে মিলে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182763