গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

নরসিংদী প্রতিনিধি: ধর্মীয় উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’ সম্পাদিত শ্রীমদভগবদগীতার দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর হাতে শ্রীমদভগবদগীতা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

গত ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে নরসিংদী রামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গণে, সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আর কে মল্লিক, শ্রী মধুসূদন দাস, শ্রী দেবপ্রসাদ সাহা, শ্রী কৃষ্ণ কান্ত আচার্য্য, শ্রী তপন কুমার আচার্য্য ও শ্রী গোষ্ঠলাল দাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর পরিচালক বিশ্বজিৎ কুমার সাহা (বাপন)। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আজ থেকে ৬ বছর আগে ২০২০ সালে যখন আমরা এই ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুরু করি এবং ২০২৪ সালে প্রথম সংস্করণ প্রকাশ করি, তখন সংগঠনের বাইরে থেকেও নিজস্ব অর্থ ব্যয় করতে হতো। কিন্তু ভগবৎ কৃপায় ও ভক্তদের ভালোবাসায় এবার ৫ শত গীতার প্রণামী সংগৃহীত হয়েছে, যার ফলে পরমেশ্বরের কৃপায় আমার নিজের কোনো অর্থ দিতে হয়নি।”

তিনি আরও বলেন, “অর্থ কোনো না কোনোভাবে ঠিকই ব্যবস্থা হয়ে যায়, সৎ ও ধর্মীয় কাজের পথে অর্থ কখনো বাধা হতে পারে না। তাই অর্থের কথা চিন্তা করে কাউকে ধর্মীয় ও নৈতিক কাজ থেকে পিছিয়ে না যাওয়ার অনুরোধ রইল।”

গীতা পাঠের গুরুত্ব তুলে ধরে বিশ্বজিৎ কুমার সাহা বলেন, “গীতা কেবল ঠাকুর ঘরে লাল কাপড়ে মুড়িয়ে ফুল-জল দিয়ে পূজা করার বস্তু নয়। গীতার প্রকৃত পূজা হলো তা প্রতিদিন পাঠ করা এবং সেই শিক্ষা নিজের আচরণ ও জীবনে ধারণ করা।”

অনুষ্ঠানে নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশনের শিক্ষক শ্রী দেবপ্রসাদ সাহা বর্তমান সমাজব্যবস্থায় গীতা পাঠ ও দৈনন্দিন জীবনে এর অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নরসিংদী শহরজুড়ে সনাতনী জাগরণ ও ধর্মীয় মূলবোধ গঠনে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর অবদানের প্রশংসা করেন।

একই প্রতিষ্ঠানের শিক্ষক শ্রী তপন কুমার আচার্য্য তাঁর বক্তব্যে শ্রীমদভগবদগীতা পাঠের তাৎপর্য ব্যাখ্যা করেন। এ সময় তিনি গীতার পবিত্র ১৮টি নামের বিস্তারিত গুরুত্ব ভক্ত ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহজ-সরল ভাষায় তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথি ও সুধীজন তাঁদের অনুভূতি ব্যক্ত করে সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে নরসিংদী শহরে সনাতনীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিনামূল্যে গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’। বর্তমানে নরসিংদী শহরে সংগঠনটির তিনটি শাখায় ৬০০-রও বেশি শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করছে। প্রতি শুক্রবার হাজিপুর শ্রী শ্রী লোকনাথ মন্দির, সেবাসংঘ দুর্গাবাড়ি ও গোপীনাথ মন্দিরে তাদের সাপ্তাহিক পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182758