পঞ্চগড়ের বোদায় মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার ৫

পঞ্চগড়ের বোদায় মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার ৫

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়ি থেকে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ময়নানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো. মামুন ইসলাম (৩০) ও মোছা. সানজিদা আক্তার (২৫)। এসময় তাদের সাথে জড়িত আরও এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আসামি ধনেশ চন্দ্র দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে তার টিনের ঘরে অনৈতিক কাজ চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন রাতে পুলিশ ময়দানদিঘী এলিট পেট্রোল পাম্প সংলগ্ন ওই বাড়িতে অভিযান চালায়। রাত আনুমানিক আড়াইটার দিকে তল্লাশিকালে আসামিদের আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অনৈতিক ও অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল বলেন, আসামিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182751