কুড়িগ্রামে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধর
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে মাছ ধরতে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি যুবক। সকালে তার লাশ পাওয়া গেল বাড়ি থেকে কিছুটা দূরে ধানক্ষেতে। ঘটনাটি ঘটেছে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট নিলুরখামার কাশিরবিটা এলাকায়। মৃত রুবেল হোসেন (২৫) ঐ এলাকার ভোলা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেল হোসেন রাতে বাড়ি থেকে মাছ ধরতে বের হয়। এরপর রাত পেরিয়ে ভোর, সময় গড়িয়ে সকাল হলেও বাসায় ফেরেনি সে। এরমধ্যে বেলা ১১ টার দিকে একজন কৃষক জমিতে সার দিতে গিয়ে দেখেন একটি বৈদ্যুতিক খুটিঁর পাশে পড়ে আছে তার লাশ। মুখ, শরীর ঝলসানো। স্থানীয়দের ধারণা রাতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
পরে পুলিশ খবর পেয়ে আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশ উদ্ধার পর্যন্ত অজানা কারণে ঘটনাস্থলে যায়নি পরিবারের লোকজন। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের কেউ এখনো থানায় যোগাযোগ করেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182750