জয়পুরহাটে অবৈধ মজুদ ৫৭ বস্তা সার জব্দ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখা ৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
একই সাথে বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঠানপাড়া বাজারে অভিযান চালিয়ে এই সার জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাঠানপাড়া বাজারের মেসার্স নুর ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খুচরা সার বিক্রেতা মো. আবু হাসান লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে সার মজুদ করে বিক্রি করছিলেন।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির মুন্সি জানান, বৈধ কোনো লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দোকানটি থেকে মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৪৯ বস্তা এমওপি, ৫ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ডিএপি সার ছিল।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় কৃষকদের মাঝে এসব সার সরকারি নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182743