বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষি জমিতে আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণ (প্রস্তাবিত) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কিচক ইউনিয়নের আপসন সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে সহস্রাধিক কৃষক এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কৃষকরা বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার একশ’ বিঘার বেশি জমি অত্যন্ত উর্বর এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।

বছরের পর বছর ধরে তারা এই জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করে আসছেন। এমন তিন ফসলি জমিতে সরকারি কোনো স্থাপনা গড়ে উঠলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের পথ হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়বেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তাদেরই রক্তে গড়া উর্বর জমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা চরম অন্যায়।

সমাবেশ থেকে কৃষকরা অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে যেকোনো বিকল্প অকৃষি জমিতে তা স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182712