লেখাপড়া একজন শিক্ষার্থীকে বহুমুখী লক্ষ্য পূরণে সহায়তা করে : বগুড়ার জেলা প্রশাসক

লেখাপড়া একজন শিক্ষার্থীকে বহুমুখী লক্ষ্য পূরণে সহায়তা করে : বগুড়ার জেলা প্রশাসক

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পিছনে শিক্ষক ও  অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। পড়াশুনার পাশাপাশি উচ্চশিক্ষা লাভের পরিকল্পনা জীবনের শুরু থেকে গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ।

নিজেকে সাফল্যের স্বর্ণশিখরে আহরণ করতে লেখাপড়ার কোন বিকল্প নেই। তাই লেখাপড়া একজন শিক্ষার্থীকে সাফল্যের বহুমুখী লক্ষ্য পূরণে সহায়তা করে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, সহজাত শিক্ষা ও গবেষণা চালিয়ে যাওয়ার প্রত্যয়ে নিজেকে তৈরি করতে হবে।

মুকুট পরা সহজ, কিন্তু মুকুট রক্ষা করা কঠিন। পাশাপাশি তিনি ভালো মানুষ হওয়ার ইচ্ছা বুকে ধারণ করে শিক্ষার্থীদের সামনে দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়ার আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৪৩ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আলমগীর কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন ও শফিকা আকতার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুবহানা কুলসুম, প্রভাষক রফিকুল ইসলাম, মোত্তালিব মিঞা, সহকারী শিক্ষক হুসনে মুবিনা, আরিফুর রহমান, সানাউল হক, সুরাইয়া আফরিন, আরিফুর রহমান খান, আবু লায়েছ নিক্সন প্রমুখ।

সাবেক শিক্ষার্থীরে মধ্যে বক্তব্য রাখেন-ডা. নুর ইসলাম, ডা. ফারজানা আক্তার কনক, ইঞ্জিনিয়ার নাবিলা নজরুল, রাফিউল ইসলাম, ব্যাংকার আপেল মাহমুদ, সংবর্ধিত শিক্ষার্থীরে মধ্যে-মোশতাক মোরশেদ মাহি, রিমাস তাবাসসুম। শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182705