আজ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী
আজ ৬ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে ভারতের মাইহারে ১০৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববরেণ্য এই সংগীত সাধক।
১৮৬২ সালের ৮ অক্টোবর তৎকালীন ত্রিপুরা জেলার বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন খাঁ। বাবা সাবদর হোসেন খাঁ ও মা সুন্দরী বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
শৈশব থেকেই সংগীতের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। মাত্র আট বছর বয়সে সংগীত শেখার নেশায় বাড়ি ছেড়ে কলকাতায় পাড়ি জমান। সেখানে ‘মনমোহন দেব’ নাম নিয়ে ওস্তাদ নুলো বাবুর কাছে শুরু করেন যন্ত্রসংগীতের তালিম। দীর্ঘ ৩৩ বছরের কঠোর সাধনা ও বিভিন্ন গুরুর কাছে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতজ্ঞ।
সর্ববাদ্যযন্ত্রে পারদর্শী আলাউদ্দিন খাঁ ছিলেন মাইহার ঘরানার অন্যতম প্রধান স্রষ্টা। রাজদরবারের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে রাগসংগীত পৌঁছে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর সৃষ্ট রাগের মধ্যে রয়েছে মদিনা মঞ্জুরী, শোভাবতী, দুর্গেশ্বরী, হেমন্ত ও হেম বেহাগসহ আরও বেশ কয়েকটি রাগ।
১৯৩৬ সালে বিশ্বভ্রমণে লন্ডনসহ বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে প্রশংসিত হন তিনি। সংগীতে অনন্য অবদানের জন্য পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দেশীকোত্তমসহ নানা সম্মাননা।
জন্মভূমি শিবপুরের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। ১৯৫৪ সালে শেষবারের মতো নিজের জন্মগ্রামে এসেছিলেন এই সংগীত সাধক।
আজ তাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশ-বিদেশের সংগীতপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সুরের এই কিংবদন্তিকে।
মৃত্যুর পাঁচ দশকের বেশি সময় পেরিয়েও তাঁর সৃষ্টি ও সংগীত সাধনা আজও তাঁকে বাঁচিয়ে রেখেছে অমর করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182704