আজও বিশ্বাস হয় না, তুমি নেই: শাবনূর
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। রূপালি পর্দায় তাঁর আবির্ভাব ছিল যেন ধূমকেতুর মতো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ।
মাত্র সাড়ে তিন বছরের সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে এই নায়ক উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টির নায়িকা ছিলেন শাবনূর।
প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন শাবনূর। তিনি এখনও বিশ্বাস করতে পারেন না সালমান শাহ নেই!
সালমান শাহকে স্মরণ করে শাবনূর লেখেন, আজও বিশ্বাস হয় না, তুমি নেই। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছ আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।
তিনি আরো লেখেন, তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
সর্বশেষে প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাবনূর লেখেন, তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182687