৯০ মিনিট খেলেও মৌসুমের প্রথম হার এড়াতে পারলেন না রোনালদো

৯০ মিনিট খেলেও মৌসুমের প্রথম হার এড়াতে পারলেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক : আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে সৌদি প্রো লিগে বড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শনিবারের এই হারে মৌসুমে প্রথম পরাজয়ের পাশাপাশি নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লুর অধীনেও প্রথমবার হারের স্বাদ পেল দলটি। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। তবে দলকে হার থেকে বাঁচাতে পারেননি তিনি। ম্যাচজুড়ে হতাশ দেখা গেছে পর্তুগিজ তারকাকে। 

আল ইত্তিহাদের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা জর্জ ইলেনিখেনা ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে আবারও গোল করেছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে চার মিনিট পরই আর ভুল করেননি ইলেনিখেনা। হোসেম আওয়ারের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আল ইত্তিহাদকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে এক গোল শোধ করে আল নাসর। গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচ জোয়াও ফেলিক্সের শট ঠেকালেও ফিরতি বলে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। কিন্তু আল ইত্তিহাদের সার্বিয়ান গোলরক্ষক রাজকোভিচ দুর্দান্ত কয়েকটি সেভ করে তাদের পথ আটকে দেন। এই হারে শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়লো আল নাসর। তাদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে এখন এককভাবে টেবিলের শীর্ষে সিমোনে ইনজাগির আল হিলাল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182678