৫৫ রানে অলআউট পাকিস্তান : বিস্ময়কর মন্তব্য কোচের
স্পোর্টস ডেস্ক : ‘এশিয়া কাপে পাকিস্তান সেরা দল’-ওয়াহাব রিয়াজের এমন মন্তব্যের পর তার সময়জ্ঞান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নারী এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তান ৫৫ রানে অলআউট হওয়ার পর দল নিয়ে দলের কোচের এই মূল্যায়ন হতবাক করেছে সবাইকে।
শনিবার দুবাইতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয় পাকিস্তান। তারপর ৩ উইকেট হারিয়ে নবম ওভারের দুই বল হাতে থাকতে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ময় জাগানোর মতো কথা বললেন ওয়াহাব। ব্যাটিংয়ে নারী দলের ভরাডুবির পরও তিনি বিশ্বাস করছেন, এই দলের ট্রফি উঁচিয়ে ধরার সামর্থ্য আছে।
ওয়াহাব সাংবাদিকদের বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি এই এশিয়া কাপে পাকিস্তান সেরা দল। তারা ট্রফি উঁচিয়ে ধরতে পারে কারণ কন্ডিশন সত্যিই আমাদের অনুকূলে।’ হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে তার কথা, ‘আমি বিশ্বাস করি আমাদের দলের সব খেলোয়াড় অনেক দক্ষ এবং তাদের শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আমরা ফিরে গিয়ে আলোচনা করব ভারতের বিপক্ষে ভুল কী হয়েছে। আমরা একই ভুল আর করতে চাই না।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182666