ইয়ামালসহ যে পাঁচ অধিনায়ক বেছে নিলো বার্সা

ইয়ামালসহ যে পাঁচ অধিনায়ক বেছে নিলো বার্সা

স্পোর্টস ডেস্ক : বারের মৌসুমের জন্য পাঁচ সদস্যের অধিনায়ক প্যানেল নির্বাচন করেছে স্প্যানিশ লা লিগার শিরোপাধারী দল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাতালানদের কোচ হ্যান্সি ফ্লিক অধিনায়কদের নাম ঘোষণা করেন। এই পাঁচজন অধিনায়ক হলেন-রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।

এদের মধ্যে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া হলেন মূল বা স্থায়ী অধিনায়ক। সহঅধিনায়কের ভূমিকায় থাকবেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তৃতীয় অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার এরিক গার্সিয়া, চতুর্থ স্থানে আছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং পঞ্চম স্থানে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে যুক্ত হয়েছেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে লা লিগায় অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচের আগে অধিনায়ক নির্বাচনের বিষয়ে বার্সার কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমি নিজে দুজনকে বেছে নিয়েছি—রাফিনিয়া ও পেদ্রিকে। আর বাকি তিনজনকে দলের সবাই ভোট দিয়ে নির্বাচন করেছে—এরিক, ফ্রেঙ্কি ও লামিন।’ নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমার কোচিং স্টাফ ও আমি—আমরা এখানে দুই বছর ধরে আছি। তাই দলের ভেতর কী ঘটছে সে বিষয়ে আমাদের এখন বেশ স্পষ্ট ও বিস্তারিত ধারণা আছে।’ রাফিনিয়া ও পেদ্রির নেতৃত্বগুণ নিয়ে এই জার্মান কোচের ভাষ্য, ‘দলের দিকে তাকালে আমার মনে হয়, রাফিনিয়া ও পেদ্রির প্রভাবই সবচেয়ে বেশি। কারণ ওরা প্রায় প্রতিটি ম্যাচেই খেলে। সিদ্ধান্ত নেওয়াটা একদম সহজ ছিল। আগেই বলেছি, এই দলকে আমি এখন আগের চেয়ে অনেক ভালো বুঝি।’

জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্দ আরাউহো ধারে দল ছেড়েছেন। টের স্টেগেন ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম ও আরাউহো ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন। তাই নতুন নেতৃত্ব খুঁজে নেওয়ার চাহিদা ছিল বার্সেলোনার। গত ২০২৫-২৬ মৌসুমে ফ্রেঙ্কি সহঅধিনায়ক, রাফিনিয়া তৃতীয় ও পেদ্রি চতুর্থ অধিনায়ক ছিলেন। এবার নেতৃত্বে যুক্ত হলেন এরিক ও ইয়ামাল। আর রাফিনিয়া গড়ে ফেলেছেন অনন্য কীর্তি। বার্সার ইতিহাসে প্রথম স্থায়ী ব্রাজিলিয়ান অধিনায়ক হলেন তিনি।

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা বার্সেলোনার। তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তারা আছে লা লিগার শীর্ষে। দুই গোল হজমের বিপরীতে ১২টি গোল করেছে ফ্লিকের শিষ্যরা। এর মধ্যে পাঁচটি করেছেন ছন্দে থাকা রাফিনিয়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182664