ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুদিনের সরকারি সফরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।

এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়। একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি শহরের সেনুয়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে তিনি নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকালে রাষ্ট্রপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। পরে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182661