স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং বেলা ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুলু বলেন, যেসব ত্যাগী নেতা দলীয় মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ত্যাগী কোনো নেতাকেই বঞ্চিত করা হবে না।

শিক্ষাব্যবস্থা নিয়ে দুলু বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে জন্যই তারা দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182626