নীলফামারীর ডিমলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টা পর ৪ গরুর মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কোনো দৃশ্যমান রোগের লক্ষণ ছাড়াই ধানের গুঁড়া ও ফিট খাওয়ার পর মাত্র আধা ঘণ্টার মধ্যে চারটি গরুর আকস্মিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক নজরুল ইসলাম বলেন, গরুগুলো সুস্থই ছিল। সকালে ধানের গুঁড়া ও ফিট খাওয়ানোর পর হঠাৎ ছটফট করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই চারটি গরু মারা যায়। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ডিমলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছেন। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন গরুর মালিক নজরুল ইসলাম। এ ঘটনায় শত্রুতাবশত গরু হত্যার আশঙ্কা উল্লেখ করে তিনি বাদি হয়ে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182624