বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
শহর প্রতিনিধি : বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের মারামারির ঘটনায় কর্মবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাড়তি নিরাপত্তায় যোগ দিয়েছেন নতুন বদলি হয়ে আসা ২০জন আনসার সদস্য।
সাথে আছেন পুলিশ বাহিনীর সদস্যরা। দুপুর ২টা পর্যন্ত নতুন ২৭৬জন রোগী সেবা নিতে বর্হিঃবিভাগ থেকে টিকিট কেটেছেন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮২জন এবং মৃত্যু বরণ করেছেন ২১জন। সর্বমোট রোগী ভর্তি আছেন ২১১৬ জন যার মধ্যে আগের ভর্তি রোগীর সংখ্যা ২০৪৫জন। তথ্যগুলো নিশ্চিত করেছে জরুরী বিভাগের রেজিস্টার দপ্তর।
গতকাল দুপুরের পর থেকেই মিড লেভেলের চিকিৎসকদের সাথে দায়িত্বপালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ আপদকালীন সময়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে কর্মরত চিকিৎসক, নার্স, আয়াসহ সকল পর্যায়ের সেবাপ্রদানকারী এবং দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠকে বসেন।
মধ্যরাত পর্যন্ত চলা বৈঠকের সিদ্ধান্তের আলোকে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন প্রবেশদ্বার, বর্হিঃবিভাগ, জরুরী বিভাগ, প্রবেশমুখে যোগদেন নতুন বদলী হয়ে আসা আনসার সদস্যরা। ছিলিমপুর (শজিমেক) পুলিশ ফাঁড়ির সদস্যদেরকেও তাদের সাথে হাসপাতালের জরুরী বিভাগের গেটে এবং ৪ নং গেট দিয়ে মূল হাসপাতাল ভবনের ভেতরের প্রবেশমুখে দায়িত্বপালন করতে দেখা যায়।
ছিলিমপুর (শজিমেক) পুলিশ ফাঁড়ির এএসআই মানিক জানান, তিনি এই ৪ নং গেট এলাকায় আনসার সদস্যদের সাথে রোগীর এ্যাটেডেন্ট পাস চেক করছেন। সেই সাথে অন্যান্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গতরাতের হাসপাতাল কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের নির্দেশনা মোতাবেক কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা বাড়তি এই পর্যবেক্ষণ করছেন।
হাসপাতালের ৫ম তলার লিফট ও সিড়ি বেয়ে বিশেষ ওয়ার্ড, শিশু ও কেবিন ওয়ার্ডে প্রবেশমুখে দায়িত্বপালনকালে কথা হয় আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুঁপচাচিয়া থেকে বদলী হয়ে শজিমেক হাসপাতালে কাজে যোগ দেওয়া আনসার সদস্য আব্দুল হাদির সাথে। তিনি জানান, সকাল থেকে তিনি এখানে দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের নির্দেশে তিনি নিশ্চিত করছেন গুরতর অসুস্থ রোগী ছাড়া কোন রোগীর সাথে একজনের বেশী কোন স্বজন যেনো প্রবেশ না করতে পারে বা হাসপাতালের কমপাউন্ডে অবস্থান করতে না পারেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মুখে দায়িত্বপালনকারী আনসার সদস্য খোরশেদ জানান, সকাল থেকে তিনি এখানে দায়িত্বপালন করছেন। তারা নতুন ২০জন দেশের বিভিন্ন জেলা ও বগুড়া জেলার আশেপাশের উপজেলার আনসার ক্যাম্প থেকে আজ ভোরে এসে দায়িত্বপালন শুরু করেছেন। সকাল থেকে কোন অপ্রীতিকর ঘটনা কিংবা বাড়তি রোগীর চাপ লক্ষ্য করেননি। ইন্টার্ন চিকিৎসকদের সকাল থেকেই জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের সহায়তা করতে দেখেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182611