সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে মিরাজ

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে মিরাজ

স্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে আবারও ক্রিকেটের ব্যস্ততায় ফিরছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যারিবিয়ানের পথে রওনা হন তিনি। 

এবারের সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের প্রতিনিধিত্ব করবেন মিরাজ। ঢাকা ছাড়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তিনি লেখেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে ক্যারিবিয়ানে, সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান অভিযানে নামতে প্রস্তুত।’

সিপিএলে এবারই অবশ্য প্রথমবারের মতো অংশ নিচ্ছেন না মিরাজ। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে সেই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। এবার গায়ানার জার্সিতে ক্যারিবিয়ান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হতে পারে তাঁর।

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির জায়গায় মিরাজকে দলে নিয়েছে গায়ানা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে নবি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বাইরে থাকায় তাঁর বিকল্প হিসেবে বাংলাদেশি অলরাউন্ডারকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি সিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

গায়ানার সর্বশেষ ম্যাচেও এসেছে বড় জয়। জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়েছে তারা। আগামী ৭ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে গায়ানা। সেই ম্যাচেই মিরাজের মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182580