নিজ বাড়িতে মিলল জনপ্রিয় পাঞ্জাবি গায়কের পচাগলা লাশ
বিনোদন ডেস্ক : ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই শিল্পীকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুধার পট্টি ধালিওয়াল গ্রামের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে বাড়িটি বন্ধ থাকায় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করায় বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাড়ির দরজা খোলে। পরে ভেতরে একটি বিছানার ওপর বলজিতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কয়েক দিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিন থেকে চার দিন আগে বলজিতের মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি বাড়িতে একাই থাকতেন। কয়েক দিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না। বাড়ি থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় এরই মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বলজিতের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন এই গায়ক। তার ধারণা, ফের হৃদ্রোগে আক্রান্ত হয়ে বলজিৎ পড়ে যেতে পারেন। ওই সময় আঘাত পাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
তবে বলজিতের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182575