মিয়ানমারে পাচারকালে মেঘনা নদীতে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

মিয়ানমারে পাচারকালে মেঘনা নদীতে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট সহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, একই দিন ভোরে হাতিয়ার মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।  

কোস্টগার্ড জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
এসব সিমেন্টের ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182570