সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখানো হবে সিনেমা
বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে তার অভিনীত তিনটি সিনেমা প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য বিশেষ এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে এ বিশেষ সিনেমা প্রদর্শনী। আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।
আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটির মাধ্যমে দর্শকরা আবারও বড় পর্দায় দেখতে পাবেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই নায়ককে।
দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় তার।
আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। জনপ্রিয় এই জুটির সিনেমাটি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার অকালমৃত্যু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। মৃত্যুর তিন দশক পরও দর্শকের কাছে সমান জনপ্রিয় এই নায়ক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182551