নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা
মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ দাস চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৪-৫টি মামলা রয়েছে এবং মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবাও পাওয়া গেছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182541