রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

মফস্বল ডেস্ক : প্রশাসন ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। এতে কয়েকদিন ধরে চলা পরিবহন সংকটের অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। 

এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে গত শুক্রবার সকাল থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী বাস টার্মিনালে আটকা পড়েন শত শত যাত্রী। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারী ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে রাখে। 

পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি রাজশাহী থেকে কিছু বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেয়ার অভিযোগ ওঠে। এতে ঢাকা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182525