জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি আদায়ের জন্য তারা পথে নেমেছেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই এই কর্মসূচি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মসূচি ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন স্থানে কর্মসূচির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করা হলে দেশের মানুষও তার জবাব দেবে।

লংমার্চে বাধা দেওয়ার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘গন্তব্যের পথে বাধা এলে আমরা লড়াই করতেই নেমেছি জনগণের অধিকারের জন্য। আমরা আমাদের গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছব। কোনো বাধাকেই আমরা পরোয়া করব না।’

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকে মানুষ বরদাস্ত করবে না। চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার সিফাতের গালিকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যেজন্য সে প্রতিবাদ ও গর্জে উঠেছে, তার সমাধান করুন। অন্যথায় দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, জনগণ নিজেদের অধিকার আদায়ে কোনো ছাড় দেবে না। রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব ইনশাল্লাহ। আমাদের এই আন্দোলন রাজপথে চলবে, জাতীয় সংসদেও সমান্তরালে চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম সোবহানী এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182516