রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
রাত পৌনে ৯টায় রুপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
গ্রেফতার সন্ত্রাসীরা হলেন, নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক কারবারে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া, এলাকায় আতঙ্কে সৃষ্টি করে।
গত বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়াসহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।
এই ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমান নিজেসহ রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182512