বগুড়া মহানগরে মার্কেট বন্ধের দিনেও ফুটপাত থাকে দখলে
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরে সপ্তাহের ছুটির দিনেও সড়কের ফুটপাত দখল করে পণ্য বেচাকেনার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এছাড়া ফুটপাতের ওপর ফুচকা চটপটির মালামাল, কাচ্চি বিরিয়ানী, জুতা স্যান্ডেল, ব্যাগ, শাক-সবজিসহ রকমারি পণ্য নিয়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বসে থাকতে দেখা যায়।
মহানগরের নবাববাড়ী সড়কে সদর পুলিশ ফাঁড়ির গেটের উত্তর-দক্ষিণ পাশের ফুটপাত দখল করে রেকেছেন ফুচকা চটপটির দোকানীরা। পুলিশ ফাঁড়ির গেটের ডানপাশের ফুটপাতের উপরে বসিয়েছেন স্থায়ী হাত ধেঅয়ার বেসিন, ফুচকার মালামাল রাখার টেবিল ও অন্যান্য জিনিসপত্র।
নবাববাড়ী সড়কের দুই পাশের ফুটপাতের উপর বাসাবাড়ির জন্য বিভিন্ন পণ্য বিক্রির দোকানীরা তাদের দোকানের পণ্য প্রদর্শনের জন্য কেউ রেখেছেন দড়ি দিয়ে বেঁধে কেউবা ঝুলিয়ে। সড়কের শেষপ্রান্তে শাহ ফতেহআলী বাজারের প্রবেশমুখে কনফেকশনারী ও বাকরখানি বিক্রয়ের দোকানীরা তাদের তৈরী খাবার ক্রেতা আকর্ষণের জন্য ফুটপাত দখল করে খোলা অবস্থায় রেখেছেন। খাদ্যদ্রব্যে পড়ছে সড়কের ধূলা ময়লা যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ সেই সাথে ফুটপাত চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম জানান, ফাঁড়ির সামনের দোকানীদের সরে যেতে বললে তারা সাথে সাথে সরে যায় কিন্তু আবার বসে পরে। সিটি কর্পোরেশনের জ্ঞাতার্থে আমরা তা অবহিত করেছি।
মহানগরের গালাপট্টি সড়ক, টেম্পল রোড, চাঁদনীবাজার সড়ক হয়ে কা৭ঠালতলা মোড়, নিউমার্কেটের ভেতরে শুক্রবার বন্ধ থাকায় চারপাশে সামনের এবং পেছনের সকল সড়কের ফুটপাত থাকে এসব ভাসমান ব্যবসায়ীদের কবলে।
কয়েকজন পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে ভিন্ন ভিন্ন মতামত। বিক্রেতারা জানিয়েছেন ছুটির দিন তাদের অনেকের দোকান রয়েছে ভেতরে মাহজনের অনুমতি নিয়ে তারা শ্রমিক-কর্মচারীরা বাড়তি আয়ের জন্য বাহিরে বেচাকেনার চেষ্টা করছেন। ক্রেতারা জানান, ছুটির দিনে মার্কেট বন্ধ থাকলেও সামাজিক নানা আচার-অনুষ্ঠানে অংশ নিতে প্রয়োজন হয় বিভিন্ন উপহার সামগ্রীর সেসবই মূলত কিনতে আসেন তারা।
আবার জলেশ্বরীতলার প্রীতম নামের একজন ক্রেতা জানান, শুক্রবারে শাহ ফতেহআলী বাজার এবং রাজাবাজারে থাকে উপচে পড়া ভীড়-চড়া মূল্য। ভীড় এড়াতে এবং অপেক্ষাকৃত কম মূল্যে টুকটাক প্রয়োজনীয় কাঁচা বাজার সেরে নেন সড়কের পাশের এসব সবজির অস্থায়ী দোকানগুলো থেকে।
নিউমার্কেটের সামনে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বৃষ্টির দিনে শরীর না ভিজিয়ে ফুটপাত দিয়ে হাটতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন মহানগরের নামাজগড় এলাকার শহিদুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবারে তারা বাড়তি রোজগার করুক কিন্তু ছুটির দিন শুক্রবার সড়ক ফাঁকা, যানজট নেই কিন্তু আমাদের মতো সাধারণের পায়ে হাঁটার ফুটপাত বেদকল থাকে যা দুঃখজনক। সিটি কর্পোরেশন শত চেষ্টা চালানোর পরও মহানগরবাসীর জন্য নিরাপদ ও আরামদায়ক চলাচল নিশ্চিতে ব্যবসায়ীদের অসহযোগীতা এবং ক্ষেত্রবিশেষে তাদের বেপরোয়া আচরণকে দায়ী করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সাইদ আলী জানান, কেবলমাত্র শুক্রবার নয় সপ্তাহের কোনদিনই যেন সড়কের ফুটপাত বেদখল না থকে, পথচারীদের চলাচল নিরাপদ করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপরও তারা সড়কের উপর ও ফুটপাত দখল করছেন। সেই সাথে হকার-ব্যবসায়ীদের পূর্নবাসনের বিষয়টি নিয়েও কাজ করছে সিটি কর্পোরেশন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182486