পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে শরিফুল ইসলাম(২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৫’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ‘অ্যাডিশনাল ডিআইজি হুমায়ুন’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ওই আইডি ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন।

র‌্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন অনলাইন প্রতারণা করে আসছিলেন। এর আগে পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরণের প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরণের অপরাধে জড়িয়ে পড়েন। র‌্যাবের অভিযানে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182482