পাবনার চাটমোহরে স্কুলমাঠে জলাবদ্ধতা শিক্ষার্থীদের চরম দুর্ভোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত দু’দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে স্কুলের মাঠ। কাদা আর পানি মারিয়েই স্কুলের শিশু শিক্ষার্থী আর শিক্ষকদের স্কুল ভবনে যেতে হচ্ছে। স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন কোন এ্যাসেম্বলি, প্যারেট, কুচকাওয়াজ, খেলাধুলা বন্ধ রয়েছে। এছাড়া সাধারণ পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শালিখা সরকারি প্রথমিক বিদ্যালয়টি চাটমোহর নতুন বাজার হাট ও বাজার সংলগ্ন হওয়ায় স্কুলের মাঠে প্রতি বুধবার সাপ্তাহিক গরুর হাট, প্রতিদিনের মাছের আড়তসহ অন্যান্য পণ্যসামগ্রীর হাট বসানো হয়। চাটমোহর পৌরসভা কর্তৃপক্ষ হাটটি ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু স্কুলের মাঠের কোন উন্নয়ন করা হচ্ছে না। স্কুল তহবিলে এজন্য কোন অর্থ বরাদ্দ দেওয়া হয়না। ইজারাদার ইচ্ছেমতো স্কুল মাঠ ও স্কুলের পাশের জায়গা ব্যবহার করে থাকেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা কাকলী জানান, স্কুল মাঠের উন্নয়ন জরুরি। স্কুল মাঠে শিক্ষার্থীদের এসেম্বলী করানো যায়না। স্কুলে জায়গা ও মাঠে পৌরসভার হাট বসে। অথচ মাঠটির উন্নয়নের তাদের কোন পদক্ষেপ নেই। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। চাটমোহর পৌসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী বলেন, বিষয়টি প্রধান শিক্ষক প্রশাসক বরাবর আবেদন করলে, আমরা ব্যবস্থা নিতে পারবো।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও পৌর পরিষদের সদস্য মো: আব্দুল গণি জানান, আমি এ ব্যাপারে আবারো উদ্যোগ নেবো। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হলে পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল মাহমুদ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182457