প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মফস্বল ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে একটি পুলিশ প্রটেকশনের গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।

এ সময় গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার ডান পা ভেঙে যায়।

ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182430