বগুড়ায় ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সোহাগী আক্তার ছোঁয়া নামে ১৮ বছর বয়সী এক ডিজে  শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘনায় তিনি নিহত হয়েছেন বলে নাটক সাজিয়ে প্রচার করা হচ্ছে বলে তার স্বজনরা দাবি করেছেন। গত বুধবার মধ্যরাতে সদরের এরুলিয়ায় বিমান বন্দরের অদূরে মহাসড়কের মাঝখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ছোঁয়ার বাড়ি শিবগঞ্জের বিহারে হলেও তিনি বগুড়া মহানগরের জহুরুলনগরে তার ফুপু রিতা বেগমের কাছেই থাকতেন। 
নিহত ছোঁয়ার স্বজন শাহাদৎ জামান জয় বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মহানগরের সাতমাথা থেকে ৩টি মোটর সাইকেলে চেপে দুপচাঁচিয়ায় এক অনুষ্ঠনে যাচ্ছিলেন তারা। ওই তিন মোটর সাইকেলে ৬ জন ছিলেন। এর মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ ছিলেন। ছোঁয়া দ্বিতীয় মোটর সাইকেলে ছিলেন। তারা দ্রুত দুপচাঁচিয়ার দিকে যেতে থাকলেও পিছনের তিনটি মোটরসাইকেল তেল নেয়ার জন্য চারমাথায় একটি পেট্রল পাম্পে যায়। তেল নিয়ে তারা প্রথম দিকে থাকা মোটরসাইকেলের পিছু যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে তারা দেখেন বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়ার বিমানবন্দর এলাকায় রাস্তার মাঝখানে ছোঁয়া অচেতন অবস্থায় পড়ে আছেন। তবে ছোঁয়াকে বহনকারী মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। এরপর পিছনে মোটর সাইকেলে আসা সহশিল্পীরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক বলেন হাসপাতালে নেয়ার আগেই ছোঁয়া মারা গেছেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। 
তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মাসুদুর রহমান বলেন, মর্গে পাঠানোর আগে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ রিপোর্ট তৈরির সময় তার শরীরের একদিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যু রহস্যজনক বলে তিনি জানান।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার পরিবারের অভিযোগ। এজন্য তার মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তার গ্রাম বিহারে তার লাশ দাফন করা হয়েছে।

তার স্বজন শাহাদৎ জামান অভিযোগ করেন পরিকল্পিতভাবে ছোঁয়াকে হত্যা করে তার লাশ রাস্তায় ফেলে গেছে তাকে বহনকারী তার এক সহশিল্পী। সে পালিয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হচ্ছে। ছেঁায়া হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182411