এবার হৈমন্তীর কন্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’
অভি মঈনুদ্দীন ঃ ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিলো পরিচয়’ বাংলা সিনেমার একটি তুমুল জনপ্রিয় গান। যে গানের দৃশ্যায়নে অভিনয় করেছিলেন শাকিল খান ও শাবনূর। মতিন রহমান পরিচালিত ‘নারীর মন’ সিনেমার এই গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের জনপ্রিয় সিনেমার গানের হুক লাইন নিয়ে নতুন করে গান সৃষ্টি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘তোমায় দেখলে মনে হয়’ গানের এই ‘তোমায় দেখলে মনে হয়’ হুক লাইনটি নিয়ে নতুন করে গান লিখেছেন ও সুর করেছেন শফিক তুহিন। গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত। তার সঙ্গে কন্ঠ দিয়েছেন শফিক তুহিন। গানটি প্রকাশিত হয়েছে ‘অনুপম মিউজিক’-এ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জন্দন রায়। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন ফয়সাল খান ও ইজমা ইসলাম।
গানটি প্রকাশের পর হৈমন্তী বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন। হৈমন্তী বলেন,‘ আমাদের সিনেমার জনপ্রিয় গানগুলোর হুক লাইন নিয়ে নতুন করে গান সৃষ্টি করা যেন নতুন এক ট্রেণ্ড। এটা শুধু আমাদের দেশেই না অন্যান্য দেশেও হচ্ছে। তাতে গানের প্রতি শ্রোতাকে আকৃষ্ট করা যায় সহজেই। আর অনেকেই এই ধরনের গান গাইছেন। আমিও সেই ধারাবাহিকতায় যুক্ত থাকলাম। শফিক তুহিন ভাই চমৎকার লিখেছেন ও সুর করেছেন। আমাকে এই গানের সাথে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাই ও অনুপমের কর্ণধার শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়ের প্রতি।’
এদিকে কিছুদিন আগে পরপর নতুন দুটি মৌলিক গান তার ভক্ত শ্রোতাদের উপহার দিলেন হৈমন্তী। একটি আহমেদ রিজভীর কথায় ও ইমরান মাহমুদুলের কম্পোজিশন-মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ‘ওগো মোর প্রিয়া’ এবং অন্যটি ‘তুমি আমার মুখ দেখারই আয়না’।
গানটি লিখেছেন ও কম্পোজিশন করেছেন রোহান রাজ। দুটি গানই এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই দুটি গানের জন্যই হৈমন্তী ভীষণ সাড়া পাচ্ছেন। কারণ দুটি গানই তিনি গেয়েছেন এই সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর সঙ্গে। দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। তারা হলেন ইমরান মাহমুদুল ও বেলাল খান। প্রথম গানটিতে হৈমন্তীর সহশিল্পী ইমরান। দ্বিতীয় গানটিতে তার সহশিল্পী বেলাল। হৈমন্তীর সৌভাগ্য হয়েছিলো রুনা লায়লার সুরে একটি মৌলিক গান গাওয়ার। এক জীবনে হৈমন্তীর এটাই অনেক বড় প্রাপ্তি। গানে হৈমন্তীর হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। এরপর বাসুদেব’সহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্যদিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182400